চলমান আইপিএলের মাঝপথে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিতে ভারতে এসে পৌঁছেছেন অস্ট্রেলীয় উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিশ। গত কয়েক মাস ধরে তার খেলা নিয়ে যে নাটকীয়তা আর বিতর্ক তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে এই অজি তারকা এখন মুম্বাইয়ে।
জশ ইংলিশকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল গত নিলামের আগে। পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই ক্রিকেটার ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটেনশন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পাঞ্জাব কর্তৃপক্ষের দাবি ছিল, ইংলিশ জানিয়েছিলেন তিনি এই মৌসুমে খেলতে পারবেন না।
তবে নিলামে ৮.৬ কোটি রুপিতে লক্ষ্ণৌ তাকে কিনে নেওয়ার পর থেকে তার ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়। সে সময় পাঞ্জাব কিংসের একজন সহ-মালিক তাকে ‘অপেশাদার’ হিসেবেও তকমা দিয়েছিলেন।
লক্ষ্ণৌয়ের জন্য ইংলিশের অন্তর্ভুক্তি এক বড় টনিক হিসেবে কাজ করবে। বিশেষ করে মুম্বাইয়ের বিপক্ষে লড়াইয়ে জাসপ্রিত বুমরাহকে সামলানোর ক্ষেত্রে তাকেই বড় তুরুপের তাস ভাবছে ম্যানেজমেন্ট।
গত মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলার সময় বুমরাহকে রীতিমতো শাসন করেছিলেন তিনি। কোয়ালিফায়ার ২-এ বুমরাহর এক ওভারেই ২০ রান তোলার রেকর্ড আছে তার ঝুলিতে। এখন পর্যন্ত বুমরাহর ৩৪ বলে ৫২ রান তুলেছেন এই অজি তারকা।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অবস্থা বর্তমানে বেশ নড়বড়ে। ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থাও অনেকটা একই রকম।
এদিকে পাঞ্জাব কিংস শিবির থেকেও এসেছে স্বস্তির সংবাদ। আগামী ৭ মে দলে যোগ দিচ্ছেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। মায়ের মৃত্যুর কারণে ওমরজাই দেশে ফিরে গিয়েছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ২৮ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে পাঞ্জাবের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন