ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর যেন এক নতুন ব্যাটিং রূপকথার জন্ম দিচ্ছে। টুর্নামেন্টের মাঝপথেই ক্রিকেট বিশ্লেষক ও সাবেক তারকাদের কণ্ঠে শোনা যাচ্ছে বিস্ময়।
অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পুজারা এবং ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় ভাঙ্গারের মতে, এবারের আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং মানচিত্রকে সম্পূর্ণ বদলে দিয়েছে। দলগুলোর ‘আল্ট্রা-অ্যাগ্রেসিভ’ বা অতি-আক্রমণাত্মক মেজাজের কারণে এবারের আসরে রানের যে বন্যা বইছে, তা এর আগে কখনো দেখা যায়নি।
চলমান আসরে দলগুলোর রান তোলার হার এবং পাহাড়সমান রান তাড়া করে জয়ের ধরন দেখে মুগ্ধ পুজারা। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এবারের পরিবর্তনটি কেবল সাময়িক কোনো প্রবণতা নয়, বরং এটি ব্যাটিং দর্শনের একটি বড় ধরনের বিবর্তন।
পুজারা আরও জানান, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি ব্যাটারদের মনে বাড়তি সাহস জুগিয়েছে। ফলে উইকেট হারানোর ভয় ছাড়াই দীর্ঘ সময় ধরে বড় শট খেলার স্বাধীনতা পাচ্ছেন তারা। এটি কেবল ইনিংসের কোনো একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকছে না, বরং ইনিংসের প্রথম থেকে শেষ বল পর্যন্ত বজায় থাকছে।
পরিসংখ্যানও পুজারার এই পর্যবেক্ষণকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এবারের আইপিএলে প্রথম ৩৫ ম্যাচ শেষেই দলগুলোর গড় রান রেট দাঁড়িয়েছে ৯.৭৯। বিশেষ করে পাওয়ার-প্লের চিত্রটি আরও ভয়াবহ; সেখানে ওভার প্রতি রান উঠছে গড়ে ১০ করে।
মাত্র ৩৫ ম্যাচেই ২৯ বার দলীয় স্কোর ২০০ পার হয়েছে, যেখানে চার বছর আগে একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ১৫। আরও আশ্চর্যের বিষয় হলো, এরই মধ্যে ১০ বার ২০০-র বেশি রান তাড়া করে জেতার রেকর্ড তৈরি হয়েছে, যা টুর্নামেন্টের ইতিহাসে নজিরবিহীন।
এবারের আসরে ব্যাটিংয়ের এই পরিবর্তনের মূলে রয়েছেন একঝাঁক তরুণ তুর্কি। অভিষেক শর্মা, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং এবং ঈশান কিষাণরা শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হচ্ছেন। তবে সব আলো কেড়ে নিয়েছেন ১৫ বছর বয়সি বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।
টুর্নামেন্টের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি, যেখানে মাত্র ১৫ বলে তিনবার পঞ্চাশ ছোঁয়ার মাইলফলক স্পর্শ করেছেন। অন্তত আটটি ইনিংস খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইক রেট সর্বোচ্চ (২৩৮.০৯), যা বর্তমান সময়ের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের প্রকৃত স্বরূপ তুলে ধরছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন