তিন বছর ধরে জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এই তরুণ তুর্কি এবারই প্রথম ডাক পেয়েছিলেন টেস্ট স্কোয়াডে।
তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ টস হওয়ার পর দেখা গেল, একাদশে জায়গা হয়নি তার। ফলে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের জন্য অপেক্ষাটা আরও বাড়ল এই মারকুটে ওপেনারের।
তানজিদ তামিমকে টেস্ট দলে নেওয়ায় ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। ঘরোয়া লিগ ও সীমিত ওভারের ক্রিকেটে তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলী দেখে অনেকেই ধারণা করেছিলেন, পাকিস্তানের বিপক্ষে মিরপুরের টেস্টেই হয়তো অভিষেক হতে যাচ্ছে তার।
বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক বক্তব্যে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছিল। তবে টিম কম্বিনেশনের কারণে শেষ পর্যন্ত ড্রেসিংরুমেই থাকতে হচ্ছে তাকে।
গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত তামিমের সামর্থ্যের প্রশংসা করে বলেছিলেন, তামিম এমন একজন ব্যাটার যিনি টেস্ট ক্রিকেটে দ্রুত খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
পরিসংখ্যান বলছে, সীমিত ওভারের ক্রিকেটে তামিম নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। ৩৩টি ওয়ানডেতে ৮১২ রান এবং ৪৭টি টি-টোয়েন্টিতে ১১৪৬ রান সংগ্রহ করেছেন তিনি। দুই ফরম্যাট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন