আইপিএলের চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয় যেন থামছেই না। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দিল্লি।
অন্যদিকে, শুরুর টানা ছয় হার ভুলে টানা চতুর্থ জয়ে প্লে-অফের দৌড়ে শক্ত অবস্থান করে নিয়েছে কলকাতা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪২ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। দলের শুরুটা ভালো হলেও মাঝপথে হঠাৎ থমকে যায় রানের চাকা। টানা ৬ থেকে ৭ ওভার কোনো বাউন্ডারি না আসায় বড় সংগ্রহের সুযোগ হারায় তারা। দিল্লির ইনিংসের এমন ছন্দপতনই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দিল্লির ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেন দলের ডিরেক্টর অব ক্রিকেট বেণুগোপাল রাও। তিনি জানান, পাওয়ার প্লে-র পর ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতাই দলকে ডুবিয়েছে।
রাও বলেন, মাঝের ওভারগুলোতে আমরা পুরোপুরি বাউন্ডারিহীন ছিলাম। এই বড় টুর্নামেন্টে এভাবে সুযোগ নষ্ট করলে জেতা সম্ভব নয়। আমাদের ব্যাটিং ইউনিটের প্রত্যেকের ব্যক্তিগত দায়বদ্ধতা নেওয়া প্রয়োজন ছিল, যা এই ম্যাচে দেখা যায়নি।
দিল্লির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে দলের মূল স্পিনার কুলদীপ যাদবের অফ-ফর্ম। ১০ ম্যাচে মাত্র ৭ উইকেট পাওয়া এই বোলারের ইকোনমি রেট এখন ১০-এর ওপরে। তবে অভিজ্ঞ এই বোলারের ওপর আস্থা হারাননি রাও।
তিনি জানান, দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কুলদীপ দ্রুতই নিজের ছন্দ ফিরে পাবেন। হাতে মাত্র তিনটি ম্যাচ থাকায় দিল্লির প্লে-অফে যাওয়ার সমীকরণ এখন অনেকটাই অসম্ভবের পর্যায়ে।
বিপরীত মেরুতে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন