সকাল ১১টা থেকেই শেরেবাংলা স্টেডিয়ামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলো কম থাকায় বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের বেশিরভাগ সময় তিনটি ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চালানো হয়।
সোমবার (১১ মে) দুপুর ১২টায় লাঞ্চ বিরতির পর পরিস্থিতি আরও খারাপ হয়। আকাশ অন্ধকার হয়ে এলে বেলা পৌনে ১টার দিকে শুরু হয় বৃষ্টি। এর আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উইকেট চট দিয়ে ঢেকে রাখা হয়। মাঠকর্মীরাও প্রস্তুত ছিলেন। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে পিচ ও ৩০ গজ এলাকা কভারে ঢেকে ফেলা হয়।
লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৩ রান। এতে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১২০ রান।
তবে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টাতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম আউট হয়ে যান। দুই ইনিংসেই ব্যাট হাতে হতাশ করেছেন তারা।
এরপর ইনিংস সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের ৭০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শান্ত অপরাজিত ছিলেন ৩৪ রানে, আর মুমিনুল হক খেলছিলেন ৩৭ রানে।


