দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় জরিমানায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ–ভারত ম্যাচে এই অনিয়মের কারণে বাফুফেকে ১ হাজার ২৫০ মার্কিন ডলার জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।
এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি গত ১৭ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেয়। ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে ভারতকে ১–০ ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রথমার্ধ নির্বিঘ্নে শেষ হলেও বিরতির পর দ্বিতীয়ার্ধ নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়।
একই ঘটনায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তবে বাংলাদেশের জরিমানার অঙ্ক বেশি হয়েছে পূর্বের একটি ঘটনার কারণে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধ দুই মিনিট দেরিতে শুরু হওয়ায় বাফুফেকে তখন ১ হাজার ৫০০ ডলার জরিমানা করেছিল এএফসি।
এএফসির শৃঙ্খলা নীতিমালার ১১.৩ ধারা অনুযায়ী, জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে দুই ফেডারেশনকে।
এদিকে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ, প্রতিপক্ষ সিঙ্গাপুর। ‘সি’ গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে আছে লাল-সবুজের দল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন