ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হামজা চৌধুরীর নেতৃত্বে লেস্টার সিটি এফএ কাপে চতুর্থ রাউন্ডে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:১৫ এএম
ছবি: সংগৃহীত

লেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে শেল্টেনহাম টাউনের সঙ্গে ম্যাচে ২-০ গোলে জয় লাভ করে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী দীর্ঘদিন পর নিজের পছন্দের পজিশন, ডিফেন্সিভ মিডফিল্ডে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে হামজা দলের নেতৃত্ব দেন এবং খেলাকে নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে জয় নিশ্চিত করেন। ম্যাচের ২৩ মিনিটে জাম্বিয়ান ফরোয়ার্ড প্যাটসন ডাকার প্রথম গোলের পর বিরতির আগে স্টেফি মাভিডিডি ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও দুই গোলের ব্যবধান বজায় রেখে লেস্টার সিটি জয় নিশ্চিত করে।

এই ম্যাচে হামজা চৌধুরী পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এবং লেস্টার সিটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাঝমাঠে খেলাকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি আক্রমণেও সক্রিয় ছিলেন। ম্যাচে গোলের উদ্দেশ্যে দুটি শট নেন এবং সর্বোচ্চ ৯৫ বার বল স্পর্শ করেন। প্রতিপক্ষের বক্সে ১১ বার বল পাঠানো ছাড়াও রক্ষণে তিনটি সফল ট্যাকল, দুটি বল রিকভারি এবং একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করেন। এছাড়া দুইবার সফল ড্রিবল করেন এবং ম্যাচে সর্বোচ্চ তিনবার ফাউলের শিকার হন।

এফএ কাপের সাফল্যের পরও লিগ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির অবস্থান ভালো নয়। শেষ ১০ ম্যাচের মধ্যে পাঁচটি হেরে দলটি পয়েন্ট টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে।

লেস্টার সিটির পরবর্তী প্রতিপক্ষ কে হবে তা সোমবার (১২ জানুয়ারি) নির্ধারিত হবে।