সৌদি প্রো লিগের ২০২৫-২৬ মৌসুমের ১৫তম ম্যাচে সোমবার (১২ জানুয়ারি) চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের মাঠে খেলতে যায় আল নাসর। শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলেও শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে হেরে যায় তার দল।
ম্যাচের শুরু থেকেই আল নাসর বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল। আল হিলালের মাঠে খেলতে নামলেও তারা আত্মবিশ্বাসী ফুটবল খেলে। এর ফল আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪২ মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে কিংসলি কোমানের পাস পেয়ে বক্সের ভেতরে ফাঁকায় থাকা রোনালদো সহজেই গোল করেন। বিরতির আগে এগিয়ে যায় আল নাসর।
এই গোলের মাধ্যমে রোনালদো তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা বাড়িয়ে নেন ৯৫৯-এ। হাজার গোলের মাইলফলক থেকে এখন তিনি মাত্র ৪১ গোল দূরে। চলতি মৌসুমে এটি আল নাসরের হয়ে তার ১৬তম গোল।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরো বদলে যায়। ৫৭ মিনিটে আল নাসরের ডিফেন্ডার মোহাম্মদ সিমাকান বক্সের ভেতরে মালকমকে ফাউল করলে পেনাল্টি পায় আল হিলাল। স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান রুবেন নেভেস।
এরপর দ্রুত খেলা শুরু করতে গিয়ে আল নাসরের গোলরক্ষক নওয়াফ আল-আকিদি নেভেসকে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।
১০ জনের দলে পরিণত হওয়া আল নাসর তখন চাপে পড়ে যায়। ৮১ মিনিটে নেভেসের কর্নার থেকে হেডে গোল করেন মোহাম্মদ কান্নো। এতে ম্যাচে এগিয়ে যায় আল হিলাল।
৮৩ মিনিটে হতাশ রোনালদোকে তুলে নেন কোচ। যোগ করা সময়ে আবারও পেনাল্টি পায় আল হিলাল, যা থেকে দ্বিতীয় গোল করেন নেভেস। শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল হিলাল।
এই হারে আল নাসরের শিরোপা লড়াই আরও কঠিন হয়ে পড়ল। ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। অন্যদিকে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল নাসর।


