ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাহাড় সমান টাকা দিয়েও মেসিকে কিনতে পারল না সৌদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৭ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে দলে নিতে ১.৪ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার কোটি টাকার বেশি) প্রস্তাব করেছিল সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ।

কিন্তু টাকার চেয়ে পরিবারকে প্রাধান্য দিয়ে সেই বিশাল প্রস্তাব ফিরিয়ে দেন এই ফুটবল জাদুকর। সম্প্রতি আল-ইত্তিহাদ সভাপতি আনমার আল হাইলির এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর মেসির সামনে অনেকগুলো বিকল্প ছিল। সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদ তাকে বছরে প্রায় ৩৪৬ মিলিয়ন পাউন্ড বা ১.৪ বিলিয়ন ইউরোর একটি প্যাকেজ অফার করে। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের প্রস্তাবগুলোর মধ্যে এটি ছিল অন্যতম।

আল-ইত্তিহাদ সভাপতি জানান, তিনি ব্যক্তিগতভাবে মেসির সাথে যোগাযোগ করেছিলেন। কিন্তু মেসি সেই 'বিশাল' প্রস্তাব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। এর কারণ হিসেবে মেসি জানিয়েছিলেন, তার পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের পরিবেশ বেশি আরামদায়ক হবে।

আল হাইলি বলেন, তিনি তার পরিবারের স্বার্থে এত বড় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে, পরিবারের সুখ ও শান্তি টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান।

সৌদির প্রস্তাব ফিরিয়ে মেসি পাড়ি জমান ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানে তিনি বেশ ভালোই আছেন এবং গত অক্টোবর মাসে ক্লাবের সাথে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিও করেছেন।

তবে আল-ইত্তিহাদ সভাপতি এখনো হাল ছাড়েননি। তিনি জানিয়েছেন, মেসির জন্য তাদের ক্লাবের দরজা সবসময় খোলা থাকবে।