পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজ শহর মাদেইরা দ্বীপে তার একটি ব্রোঞ্জ ভাস্কর্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন ও ভক্তদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পর্তুগালের ফুনশালে অবস্থিত ‘সিআর৭ মিউজিয়ামের’ সামনে স্থাপিত রোনালদোর এই ঐতিহাসিক ভাস্কর্যটি গত রাতে হামলার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজ অনুযায়ী, এক এলোমেলো চেহারার যুবক প্রথমে ভাস্কর্যটির গায়ে দাহ্য তরল ঢেলে দেয়। এরপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে উচ্চস্বরে র্যাপ সংগীত বাজিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে।
ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে ওই যুবকের পরনের কাপড়েও আগুন লাগার উপক্রম হয়েছিল। পুরো ঘটনাটি সে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি প্রচার করে।
ভিডিওর সাথে সে একটি রহস্যময় বার্তাও দেয়— ‘এটাই ঈশ্বরের শেষ সতর্কবার্তা।’ এছাড়া ভিডিওর শেষে সে ভাস্কর্যের দিকে অশালীন অঙ্গভঙ্গি ও মধ্যমা প্রদর্শন করে।
ফুনশালের পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) জানিয়েছে, অভিযুক্ত যুবককে শনাক্ত করা হয়েছে। সে নিজেকে ‘মানুষ, ফ্রিস্টাইলার ও স্থানীয় বাসিন্দা’ হিসেবে পরিচয় দিয়ে থাকে।
পর্তুগাল পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি আগেও এই ধরনের বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। বর্তমানে তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।


