সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে অন্যতম ফেভারিট বাংলাদেশ। যাত্রার শুরুটাও হলো চমৎকার। শনিবার নেপালের পোখরায় নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী। তবুও ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।
বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে। ম্যাচের ২৮ মিনিটে সরাসরি কর্নার কিক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন মামনি চাকমা। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ে তৃষ্ণা রানীর গোলে। পরের মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। পূজা দাসের ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যভেদ করেন। ৫৪ মিনিটে তৃষ্ণা রানী জোরালো শটে জাল কাঁপিয়ে পঞ্চম গোল এনে দেন। মিনিটছয়েক পর তৃষ্ণা রানী হ্যাটট্রিক পূর্ণ করেন। ৭৩ মিনিটে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার। ৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোরলাইন ৮-০ করেন। মিনিটপাঁচেক পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে। যোগ করা সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন। একটু পর অধিনায়ক অর্পিতা বিশ্বাস দলের হয়ে ১১তম গোল করেন। একদম শেষ মুহূর্তে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। সোমবার বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে।
এদিকে বড় ব্যবধানে জয়ের পরও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে মাঠের মান। এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার, এই মাঠ ফুটবল খেলার জন্য মোটেও উপযুক্ত নয়। এটাকে সবুজ রং করে দেওয়া হয়েছে যেন দেখতে ঘাসের মতো লাগে। আউটফিল্ড একদমই ভালো না।
এমন মাঠে খেলে কতটুকু উন্নতি হবে মেয়েদের? বাটলারের ভাষায়, বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড়দের বিকাশের জন্য সঠিক মাঠে খেলা জরুরি। আমরা খুব ভালো ফুটবল খেলেছি বলে মনে হয় না। এই মাঠে ভালো ফুটবল খেলা সম্ভবও নয়। কিন্তু আমরা পরিস্থিতির সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন