ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মর্তুজা মেডিকেল সেন্টারে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসুত ওজিল।
এসময় বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পূর্ব ঘোষণা ছাড়াই ভিড় জমায় শিক্ষার্থীরা ওজিলকে এক নজর দেখার জন্য।
জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা ‘টিকা’র আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, মেডিকেল সেন্টারের উন্নয়নকাজে এরই মধ্যে পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা দিয়েছে টিকা। এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষেই ঢাবিতে উপস্থিত হন ওজিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ‘টিকা’র প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন ও টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন