এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে ইতিহাস গড়তে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ আসরে খেলতে নেমে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে হার মানলেও মাঠের পারফরম্যান্সে বাংলাদেশি দর্শকদের মন জয় করে মাঠ ছাড়ল সাবিনা-ঋতুপর্ণারা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের ১৪ মিনিটেই লিড নিতে পারত বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে এক অবিশ্বাস্য শট নেন ঋতুপর্ণা চাকমা। বলটি যখন জালের দিকে ধেয়ে যাচ্ছিল, তখন চীনের গোলরক্ষক চেন চেন কোনোমতে লাফিয়ে উঠে ফিস্ট করে বলটি বাইরে পাঠান।
নিশ্চিত গোল বঞ্চিত হয়ে হতাশায় মাঠে শুয়ে পড়েন ঋতু, গ্যালারিতে থাকা হাজারো বাংলাদেশি সমর্থকও স্তব্ধ হয়ে যান।
প্রথমার্ধের ৪৩ মিনিট পর্যন্ত চীনের আক্রমণভাগকে আটকে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ রক্ষণভাগ। তবে বিরতির ঠিক আগে খেই হারিয়ে ফেলে লাল-সবুজের দল।
খেলার ৪৪ মিনিটে সতীর্থের থ্রু পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে চীনকে এগিয়ে নেন ওয়াং। এর পর আবারও গোল দিয়ে ২-০ লিড নেয় চীন।
শেষ পর্যন্ত পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন