দলকে শক্তিশালী করতে বড় এক চমক দিতে যাচ্ছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। রদ্রিগো দি পলের চুক্তির রেশ কাটতে না কাটতেই এবার ম্যানচেস্টার সিটি অধিনায়ক বার্নার্দো সিলভাকে দলে ভেড়ানোর জোর গুঞ্জন শুরু হয়েছে।
জানা যায়, পর্তুগিজ এই মিডফিল্ডারকে যুক্তরাষ্ট্রের ক্লাবে নিতে মেসি নিজেই সবুজ সংকেত দিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-র প্রতিবেদন বলছে, ইতিহাদ স্টেডিয়ামে দীর্ঘ ৯ মৌসুম কাটানোর পর এবার নতুন চ্যালেঞ্জ নিতে পারেন ৩১ বছর বয়সী সিলভা।
ক্লাবের হয়ে ৪০০-র বেশি ম্যাচ খেলা এই ফুটবলারের চুক্তির মেয়াদ আগামী জুনেই শেষ হতে যাচ্ছে। ফলে ফ্রি এজেন্ট হিসেবেই তিনি ম্যানচেস্টার ছাড়ার সুযোগ পাচ্ছেন, যা ইন্টার মিয়ামির জন্য বড় একটি সুযোগ।
তবে বার্নার্দো সিলভাকে পেতে মিয়ামিকে লড়াই করতে হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে। ইতালির ‘গ্যাজেটা ডেলো স্পোর্ট’ জানিয়েছে, তুরিনের ক্লাবটি সিলভাকে তাদের শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখছে।
আরও জানা যায়, আর্থিক দিক থেকে মিয়ামি অনেকটা এগিয়ে। বর্তমানে ম্যানচেস্টার সিটিতে বছরে প্রায় ১৯.৫ মিলিয়ন পাউন্ড বেতন পান সিলভা। জুভেন্টাসে যোগ দিলে তাকে বেতন কমাতে হতে পারে, অন্যদিকে মিয়ামি তাকে আরও আকর্ষণীয় ও লাভজনক প্রস্তাব দিচ্ছে বলেও নিশ্চিক করেছে মার্কা।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে সব মিলিয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ তারকা। গোল করেছেন ২টি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫টি।


