ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১২:৫৭ পিএম
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচ সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্বকাপের আগেই বড় চমক দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার (১৬ মার্চ) রাতে ঘোষিত এই দলে আনচেলত্তি ফিটনেসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যারা শতভাগ ফিট, তারাই দলে সুযোগ পেয়েছেন। তাই ধারণা করা হচ্ছে ফিটনেস ও ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন নেইমার।
 
আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এই ম্যাচ দুটিই বিশ্বকাপের আগে খেলোয়াড় যাচাইয়ের শেষ সুযোগ হিসেবে দেখছেন কোচ।

নেইমারের জায়গায় নতুন মুখদের সুযোগ দেওয়া হয়েছে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন এন্ড্রিক, লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। এ ছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন দানিলো ও ইবানেজ। 

আনচেলত্তি জানান, ‘যখন নতুন খেলোয়াড় ডাকা হয়, আমরা তাদের জাতীয় দলের পরিবেশে মানিয়ে নেওয়ার কৌশল এবং খেলার ধরন পর্যবেক্ষণ করি। আমাদের তালিকায় থাকা প্রতিটি খেলোয়াড়কে আমরা ভালোভাবে মূল্যায়ন করি।’

চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করে নেইমার বলেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপে তিনি যতই খেলতে চান না কেন, এটা তার ওপর নির্ভর করে না। 

বিশ্বকাপ খেলার স্বপ্ন অটুট জানিয়ে নেইমার বলেন, ‘আমি আবার জাতীয় দলে ফিরে যেতে ও বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি থাকি আর না থাকি, ব্রাজিলের জন্য সবসময় উল্লাস করব।’ 

তিনি বলেন, স্কোয়াডে নিজের নাম না দেখে তিনি ‘হতাশ এবং বিষণ্ন’। হতাশা প্রকাশ করলেও বিশ্বকাপ খেলতে একইভাবে নিজের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন এই ৩৪ বছর বয়সি ফরোয়ার্ড। 

নেইমার বলছেন, ‘আমার মনোযোগ অক্ষুণ্ন থাকবে। দিনের পর দিন, অনুশীলনের পর অনুশীলন, ম্যাচের পর ম্যাচ। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব, এখনো (বিশ্বকাপের) চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় আছে।’

বিশ্বকাপের দল ঘোষণার আগে আসন্ন দুটি প্রীতি ম্যাচই খেলোয়াড় যাছাইয়ের শেষ সুযোগ আনচেলত্তির। তবে নেইমারের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই তার। সেটাই এই তারকার জন্য সান্ত্বনা, তবে অবশ্যই শতভাগ ফিটনেস জরুরি।