ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্লাভস তুলে রাখলেন সার্জিও রোমেরো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:২৯ পিএম
সার্জিও রোমেরো। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে অন্যতম এক অবিস্মরণীয় নাম সার্জিও রোমেরো। ২০১৪ বিশ্বকাপের সেই অতিমানবিক পারফরম্যান্স কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা—সবই এখন স্মৃতি। 

৩৯ বছর বয়সে এসে দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক।

সার্জিও রোমেরো নামটির সঙ্গে জড়িয়ে আছে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের সেই রোমাঞ্চকর রাত। ব্রাজিলের সাও পাওলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি অবিশ্বাস্য শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তিনি। 

যদিও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা ছোঁয়া হয়নি, তবে রোমেরো হয়ে উঠেছিলেন কোটি ভক্তের নয়নমণি। জাতীয় দলের জার্সিতে মোট ৯৬টি ম্যাচে গোলবার সামলেছেন তিনি।

ক্লাব ক্যারিয়ারেও রোমেরো ছিলেন সমান উজ্জ্বল। আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ক্যারিয়ার শুরু করে ইউরোপের বড় বড় ক্লাবে নিজের ছাপ রেখেছেন। ডাচ ক্লাব এজেড আলকমারের হয়ে লিগ শিরোপা জয় কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের ২০১৭ সালের ইউরোপা লিগ জয়ে তার ভূমিকা ছিল অনন্য। 

এছাড়া এএস মোনাকো, সাম্পদোরিয়া, ভেনেজিয়া ও বোকা জুনিয়র্সের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে তিনি যুক্ত ছিলেন আর্জেন্টিনোস জুনিয়র্সের সাথে।

তবে মাঠের লড়াই থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এই অভিজ্ঞ তারকা। গ্লাভস তুলে রাখলেও তাকে এবার দেখা যাবে ডাগআউটে। 

রোমেরো জানিয়েছেন, গোলকিপিং কোচ নয়, বরং একটি পূর্ণাঙ্গ দলের প্রধান কোচ হিসেবে তিনি নিজের নতুন ক্যারিয়ার গড়তে চান। এজন্য তিনি ইতোমধ্যে নিজের প্রয়োজনীয় ব্যাকরুম স্টাফ বা সহযোগী কোচদের দলও গঠন করে ফেলেছেন।