সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ যুব ফুটবল দলকে বড় স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে খেলোয়াড়দের জন্য বিশেষ ভাতার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
ঘোষণা অনুযায়ী, সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের প্রতিটি ফুটবলার মাসে ১ লাখ টাকা করে ভাতা পাবেন।
দেশের ফুটবলে এই অর্জনকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ের পর দেশে ফেরার সময় দলকে বিমানবন্দরে বরণ করে নেওয়া হয়। পরে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে নেওয়া হয় এবং সেখানে সংবর্ধনা দেওয়া হয়।
বাফুফে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইতোমধ্যে পৃথক আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল। বাফুফে খেলোয়াড়দের জন্য ১ লাখ টাকা এবং ডিএনসিসি ৫০ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দেয়।
তবে ক্রীড়া দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন ঘোষণাই সবচেয়ে বড় স্বীকৃতি হিসেবে এসেছে। প্রতিমন্ত্রী আমিনুল হক আগেই ইঙ্গিত দিয়েছিলেন বিশেষ কিছু ঘোষণা আসবে, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বয়সভিত্তিক ফুটবলে ভালো পারফরম্যান্সের জন্য বড় ধরনের উৎসাহ ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন