বাংলাদেশ ফুটবলের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য মাইলফলক। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে এবং ইউরোপের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ৫ জুন ইউরোপের দেশ সান ম্যারিনোর মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে ২১১ নম্বর অবস্থানে থাকা সান ম্যারিনো বিশ্বের সবচেয়ে নিচের সারির দল। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপীয় ঘরানার ফুটবলের সঙ্গে লড়াই করার এই সুযোগকে বাংলাদেশের জন্য বড় অভিজ্ঞতা।
অন্যদিকে, সান ম্যারিনোর জন্যও ম্যাচটি বিশেষ কিছু, কারণ নিজেদের ফুটবল ইতিহাসে তারাও এর আগে কখনও কোনো এশীয় দলের বিপক্ষে মাঠে নামেনি।
র্যাঙ্কিংয়ের বিচারে এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮১তম, যা সান ম্যারিনোর চেয়ে ৩০ ধাপ ওপরে।
যদিও সবশেষ এশিয়ান কাপ বাছাইপর্বের পারফরম্যান্স নিয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারলেও, গত নভেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্ব শেষ করলেও দলের সামগ্রিক উন্নতি ছিল চোখে পড়ার মতো।
গত এক বছরে বাংলাদেশ ফুটবলে লেগেছে পরিবর্তনের হাওয়া। বিশেষ করে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোম ও জায়ান আহমেদের মতো প্রবাসী ফুটবলাররা দলে যুক্ত হওয়ায় শক্তির গভীরতা বেড়েছে। প্রবাসী ও স্থানীয় ফুটবলারদের এই মিশেলে বাফুফে এখন বড় স্বপ্ন দেখতে শুরু করেছে।
এদিকে বড় এই সফরের আগেই কোচিং প্যানেলে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বিতর্কিত কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন কোনো দক্ষ কোচের অধীনেই ইউরোপের মাটিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের।


