পার্বত্য চট্টগ্রামে নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘বিজু’। রোববার (১২ এপ্রিল) ভোরের স্নিগ্ধ আলোয় নদী ও ছড়ায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিকতা।
পাহাড়ি জনপদের এই প্রাণের উৎসবে অন্যদের মতো সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উৎসবের বেশ কিছু ছবি পোস্ট করেন রাঙামাটির এই ফুটবলার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাংগ্রাই (বিজু) উৎসবের প্রথম পর্ব।’
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়— মিতুল মারমা, তার স্ত্রী জেসমিন মারমা ও পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নদীর পাড়ে ফুল ভাসিয়ে প্রার্থনা করছেন। প্রিয় তারকাকে এভাবে উৎসব পালন করতে দেখে উচ্ছ্বসিত ভক্তরাও কমেন্টবক্সে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রথা অনুযায়ী, বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন পালিত হয় বিজু উৎসব। তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনটি ‘ফুল বিজু’ নামে পরিচিত।
এ দিনে ঘরবাড়ি পরিষ্কার করে ফুল দিয়ে সাজানো হয় এবং নদীতে ফুল ভাসিয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেন পাহাড়ের মানুষ। বিজু উপলক্ষে পাহাড়ি নারীরা তাদের ঐতিহ্যবাহী ‘পিনন-হাদি’ এবং পুরুষেরা ধুতি পরেন।


