জার্মান ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ইউনিয়ন বার্লিনের প্রধান কোচ স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করার পর ক্লাবটির হাল ধরেছেন মারি-লুইস এটা।
এর মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসে প্রথম নারী প্রধান কোচ হিসেবে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। ইউরোপের শীর্ষ পাঁচটি ফুটবল লিগের কোনো পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে এর আগে কোনো নারীকে দেখা যায়নি।
জানা যায়, ৩৪ বছর বয়সি মারি-লুইস চলতি মৌসুমের বাকি সময়টুকুর জন্য ইউনিয়ন বার্লিনের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।
রোববার ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দায়িত্ব গ্রহণ শেষে মারি-লুইস বলেন, এই চ্যালেঞ্জিং সময়ে ক্লাব আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ইউনিয়ন বার্লিনের এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে দলটির সাম্প্রতিক চরম ব্যর্থতা। শনিবার টেবিলের তলানিতে থাকা হাইডেনহেইমের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ বাউমগার্টকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বড়দিনের পর থেকে খেলা ম্যাচগুলোর মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে ইউনিয়ন। বর্তমানে দলটি লিগ টেবিলের অবনমন অঞ্চল থেকে মাত্র ৭ পয়েন্ট ওপরে অবস্থান করছে।
ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ট জানান, দলের পারফরম্যান্স বর্তমানে অত্যন্ত নাজুক এবং লিগে টিকে থাকতে হলে দ্রুত পয়েন্ট প্রয়োজন।
তিনি আরও জানান, বর্তমান সেট-আপ নিয়ে আমরা আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। মারি-লুইস এটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে রাজি হওয়ায় আমরা খুশি। পরিকল্পনা অনুযায়ী আগামী গ্রীষ্মে তিনি ক্লাবের নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন।
মারি-লুইস এটা অবশ্য কোচিং জগতে নতুন নন। ২০২৩ সালে বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হয়ে তিনি আগেই ইতিহাস গড়েছিলেন। এমনকি ২০২৪ সালে তৎকালীন প্রধান কোচ নেনাড জেলিকা তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলে তিনি মিডিয়া ও ট্যাকটিক্যাল দায়িত্ব সামলেছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন