ইন্টার মিয়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ঘোষণা দেন তিনি। ২০২৪ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়েই মিয়ামি শিবিরে সাফল্যের ছোঁয়া এনে দিয়েছিলেন এই আর্জেন্টাইন কোচ।
মাসচেরানোর অধীনেই লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামি ২০২৫ সালে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য পায়। ক্লাবটি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এমএলএস কাপ জয় করে। তার রণকৌশল এবং খেলোয়াড়দের সঙ্গে দারুণ বোঝাপড়ায় মিয়ামি একটি শক্তিশালী দলে পরিণত হয়েছিল।
পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত মাসচেরানো বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড় এবং সমর্থকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ক্লাবের হয়ে জেতা প্রথম শিরোপাটি আমার জীবনের অন্যতম বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, এই দলটির সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
মাসচেরানোর বিদায় নিয়ে ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মাসচেরানো সবসময় আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। তার নেতৃত্বে আমরা এমন কিছু অর্জন করেছি যা আগে কখনও সম্ভব হয়নি।’
এদিকে, মাসচেরানোর আকস্মিক বিদায়ে শূন্য হওয়া পদে আপাতত অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ গিলের্মো হয়োসকে।


