চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর মাঠের আম্পায়ারিং ও রেফারির কঠোর সমালোচনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই হারকে সরাসরি ‘ডাকাতি’ বলে আখ্যা দিয়েছেন এই তারকা।
ইনজুরির কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি রাফিনিয়া। তবে দলের মনোবল বাড়াতে পুরো সময় সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। ডাগআউটে বসে দলের হার দেখা রাফিনিয়া ম্যাচ শেষে আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ২-১ ব্যবধানে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচে লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেসের গোলে বার্সেলোনা দারুণ লড়াইয়ের এবং ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। কিন্তু আদেমোলা লুকম্যানের এক গোল শেষ পর্যন্ত আতলেতিকোর সেমিফাইনাল নিশ্চিত করে দেয়।
ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায় যখন আলেকজান্ডার সারলোথকে ফাউল করার দায়ে বার্সার এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো হয়। মূলত এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়েন রাফিনিয়া। শুধু লাল কার্ড নয়, প্রথমার্ধে দানি ওলমোকে বক্সের ভেতর ফাউল করার পরও পেনাল্টি না দেওয়া নিয়ে বার্সেলোনা শিবিরে চরম অসন্তোষ বিরাজ করছে।
ম্যাচ শেষে রাফিনিয়া বলেন, এটি স্রেফ ডাকাতি। রেফারির পরিচালনা নিয়ে অনেক সমস্যা ছিল এবং তিনি কিছু অবিশ্বাস্য সিদ্ধান্ত দিয়েছেন। আমি জানি না আতলেতিকো কতগুলো ফাউল করার পর একটা কার্ড দেখেছে! আমরা মাঠে সেরাটা দিয়েছি, কিন্তু আমাদের থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন