ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

 ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপ  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপকে ইতোমধ্যেই ইতিহাসের 'সেরা বিশ্বকাপ' হিসেবে ঘোষণা দিয়েছেন। তবে টুর্নামেন্ট শুরুর আগেই এই আসর নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে এর আকাশচুম্বী খরচ। 

সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, একজন ফুটবল ভক্ত যদি গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত তার প্রিয় দলকে অনুসরণ করতে চান, তবে তাকে ১০ হাজার থেকে শুরু করে ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে হতে পারে। এর মধ্যে রয়েছে ম্যাচ টিকিট, যাতায়াত এবং আবাসন খরচ। সাধারণ সমর্থকদের জন্য এই পরিমাণ অর্থ ব্যয় করা প্রায় অসম্ভব।

কোপা ইন্ডিপেনডেন্ট-এর সাম্প্রতিক এক আলোচনায় উঠে এসেছে ফুটবলের মতাদর্শিক পরিবর্তনের চিত্র। সেখানে বলা হয়েছে, ইউরোপ বা ব্রিটেনের মডেলে ফুটবলকে একটি সাংস্কৃতিক সম্পদ হিসেবে দেখা হয়, যা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা জরুরি। 

অন্যদিকে, মার্কিন মডেলে খেলাটিকে দেখা হচ্ছে কেবল একটি বিনোদন পণ্য হিসেবে। ফিফা বর্তমানে দ্বিতীয় মডেলটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে ফুটবলের মূল আবেদন সংকটে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

তাত্ত্বিকভাবে ফিফাকে ফুটবলের অভিভাবক মনে করা হলেও, তারা সাধারণ সমর্থকদের স্বার্থ কতটা দেখছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক লরেন্স ওস্টলার এবং মিগুয়েল ডেলানি। 

তাদের মতে, স্বাগতিক শহরগুলোর সঙ্গে ফিফা এমন একপেশে চুক্তি করেছে, যার ফলে সবকিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এছাড়া ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বড় ক্লাব মালিকদের ঘনিষ্ঠতাও এই উচ্চমূল্য নির্ধারণে ভূমিকা রাখছে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থমাস কনক্যানন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে ফুটবলের প্রাণ হিসেবে পরিচিত সাধারণ সমর্থকরা গ্যালারি থেকে ছিটকে পড়বেন। দীর্ঘকাল ধরে ক্লাব মালিকরা টিকিটের দাম বাড়ানোর যে সুযোগ খুঁজছিলেন, ফিফার বর্তমান নেতৃত্ব যেন তাদের সেই পথই প্রশস্ত করে দিচ্ছে।