ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভাইরাল সংক্রমণে আক্রান্ত নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০১:০০ পিএম
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

মাঠের ভেতরে ও বাইরে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়রের। নতুন করে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন সান্তোস এফসির এই ফরোয়ার্ড। অসুস্থতার কারণে ক্লাবের সাম্প্রতিক অনুশীলন সেশনে তাকে দেখা যায়নি। 

ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার রাতে নেইমার হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপরই তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। 

সান্তোস মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, নেইমার জুনিয়র শনিবার রাতে ভাইরাল সমস্যায় আক্রান্ত হন। তাকে দ্রুত ওষুধ দেওয়া হয়েছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। তবে এখনই তাকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।

সান্তোসের জন্য এই দুঃসংবাদটি এমন এক সময়ে এলো যখন তারা কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে নেইমার দলের সাথে সফর করবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। 

এদিকে  কোচ কুকার পরিকল্পনায় নেইমার প্রধান অস্ত্র হলেও শারীরিক দুর্বলতার কারণে তার খেলা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।

শনিবার বাহিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকা গ্যাবিগোল, উইলিয়ান আরাও এবং ইগর ভিনিসিয়ুসের মতো তারকাদের সঙ্গে নেইমারের অনুশীলনে ফেরার কথা ছিল। তারা সবাই ফিট হয়ে উঠলেও নেইমারকে ছাড়াই সেশন শেষ করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। তবে বাকি খেলোয়াড়রা সান লরেঞ্জোর বিপক্ষে স্কোয়াডে ফিরছেন বলে নিশ্চিত করা হয়েছে।

২০২৫ সালের শুরুতে সৌদি ক্লাব আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন ৩৪ বছর বয়সী নেইমার। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন। এখন পর্যন্ত ১০টি ম্যাচে মাঠে নেমে তিনি ৪টি গোল এবং ৩টি অ্যাসিস্ট রেকর্ড করেছেন।