ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অবসরের ঘোষণা দিলেন চেলসি কিংবদন্তি মিলি ব্রাইট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:৫৩ পিএম
মিলি ব্রাইট। ছবি : সংগৃহীত

এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চেলসি ও ইংল্যান্ডের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী মিলি ব্রাইট। দীর্ঘ ১২ বছরের এই পথচলায় তিনি কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং নারী ফুটবলের আধুনিক যুগের অন্যতম সফল নেতা ও আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

২০১৫ সালে ডনকাস্টার রোভার্স বেলস থেকে চেলসিতে যোগ দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ফুটবলারকে। চেলসির হয়ে রেকর্ড ৩১৪টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। 

এই দীর্ঘ সময়ে তিনি ব্লুজদের হয়ে জিতেছেন ২০টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে ৮টি ডব্লিউএসএল শিরোপা এবং ৬টি ওম্যানস এফএ কাপ। বিশেষ করে ২০২১ এবং ২০২৫ সালে চেলসির ঘরোয়া ট্রেবল জয়ে তার অবদান ছিল অনস্বীকার্য।

ব্যক্তিগত অর্জনেও মিলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০২৫ সালের নভেম্বরে তিনি উইমেন’স সুপার লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন। 

২০২৩ সালের সেপ্টেম্বরে চেলসির অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর তার নেতৃত্ব আরও উজ্জ্বল হয়ে ওঠে। ২০২৪-২৫ মৌসুমে চেলসির অপরাজিত পথচলায় তিনি ৩৬ ম্যাচে ৩০০০ মিনিটের বেশি সময় মাঠে থেকে দলের রক্ষনভাগকে আগলে রেখেছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনেও মিলি ব্রাইটের সাফল্য আকাশচুম্বী। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৮৮টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ২০২২ সালে ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ জয় এবং ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডকে ফাইনালে নেতৃত্ব দিয়ে তিনি ব্রিটিশ ফুটবলের নতুন এক অধ্যায় রচনা করেন। 

ফুটবলে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে তাকে সম্মানজনক ‘ওবিই’ উপাধিতে ভূষিত করা হয়।

নিজের বিদায়ী বার্তায় আবেগাপ্লুত মিলি বলেন, চেলসির প্রতিনিধিত্ব করা ছিল তার জীবনের সবচাইতে বড় পাওয়া এবং তিনি কখনোই অন্য কোনো ক্লাবের হয়ে খেলার কথা চিন্তা করেননি। মাঠের ফুটবল থেকে বিদায় নিলেও তিনি চেলসির সঙ্গেই থাকছেন।