ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্সেলোর চোখে মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে গত দেড় দশক ধরে চলা সবথেকে বড় আলোচনার বিষয় হলো—লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা? এই তর্কে সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি ফুটবলাররাও দুই ভাগে বিভক্ত। 

তবে এবার রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো সরাসরি নিজের মত জানালেন। দীর্ঘদিনের সতীর্থ রোনালদোকে বাদ দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

রিয়াল মাদ্রিদে থাকাকালীন মার্সেলো ও রোনালদো ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। মাঠের ভেতর ও বাইরে তাদের বন্ধুত্ব ছিল প্রবাদপ্রতিম। রোনালদোর সঙ্গে ৩৩৩টি ম্যাচে মাঠ শেয়ার করেছেন মার্সেলো। 

পর্তুগিজ তারকার সঙ্গে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা। এমনকি অনুশীলনেও নিয়মিত রোনালদোকে সামলাতে হতো তাকে। কিন্তু মাঠের লড়াইয়ে কাকে আটকানো সবথেকে কঠিন ছিল, এমন প্রশ্নে মার্সেলোর উত্তর ছিল সোজাসাপ্টা।

সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্সেলো বলেন, মেসি ছিল অসাধারণ। আমি আজও তাকে ধরার চেষ্টা করছি। হাস্যরসের ছলে কথাটি বললেও মেসির ফুটবলীয় মস্তিস্ক নিয়ে নিজের মুগ্ধতা লুকাতে পারেননি তিনি। 

মার্সেলো জানান, মেসি মাঠের পরিস্থিতি অন্য যে কারোর চেয়ে দ্রুত বুঝতে পারেন। যখনই তার কোনো সতীর্থের কাছে বল থাকে, মেসি আগে থেকেই জানেন তাকে ঠিক কোন অবস্থানে যেতে হবে।

পরিসংখ্যানও মার্সেলোর এই দাবিকে সমর্থন করে। ক্যারিয়ারে মার্সেলো সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছেন মেসির। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মেসির বিপক্ষে ৩৩টি ম্যাচ খেলেছেন তিনি।

এই ৩৩ লড়াইয়ে মেসির পা থেকে এসেছে ২৪টি গোল। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করা মেসি যে রিয়াল মাদ্রিদ রক্ষণভাগের জন্য কতটা আতঙ্ক ছিলেন, মার্সেলোর মন্তব্যেই তা পরিষ্কার।