ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গত ৫০ বছরে কখনো দ্বিতীয় বিভাগে অবনমন হতে হয়নি টটেনহ্যাম হটস্পারকে। তবে চলতি মৌসুমে সেই কালো অধ্যায় যেন চোখ রাঙানি দিচ্ছে ক্লাবটিকে।
প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে হাতে আছে মাত্র চারটি ম্যাচ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে দলের মানসিকতা বদলে দিতে মরিয়া স্পার্স বস রবার্তো ডি জার্বি।
উলভসের বিপক্ষে জয় পেলেও ক্লাবকে ঘিরে থাকা নেতিবাচক আবহ যেন কিছুতেই কাটছে না। এর মধ্যেই নতুন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে দলের অন্যতম ভরসা জাভি সিমন্সের ইনজুরি।
এসিএল ইনজুরিতে পড়ে এই মিডফিল্ডার ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। তার অভাব কাটাতে দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকা জেমস ম্যাডিসনকে খেলানোর প্রস্তাব উঠলেও এখনই ঝুঁকি নিতে নারাজ ইতালিয়ান এই কোচ।
তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না ডি জার্বি। তিনি জানান, এখনো তার হাতে যে মানের খেলোয়াড় আছে, তাতে শেষ চারটি ম্যাচেই জয় পাওয়া সম্ভব।
সংবাদ সম্মেলনে নিজের হার না মানা মানসিকতার কথা উল্লেখ করে ডি জার্বি বলেন, আমি বাস্তববাদী। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যারা পরাজিত তারা সব সময় কান্নাকাটি করে, কিন্তু আমি সেটি চাই না। আমি চাই কোনো অনুশোচনা ছাড়াই মৌসুম শেষ করতে। আমরা ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে লড়াই করে টিকে থাকতে চাই।
লিগের শেষ চারটি ম্যাচে স্পার্সদের মোকাবিলা করতে হবে অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড, চেলসি এবং এভারটনের বিপক্ষে।


