ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলকাতার যে হোটেলে থাকছেন মেসি, রুমের ভাড়া কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:০০ পিএম
শুক্রবার মধ্যরাতে কলকাতায় লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

‘দ্য গোট ইন্ডিয়া ট্যুরে’-এর অংশ হিসেবে শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তিনি ব্যক্তিগত গালফস্ট্রিম–ভি উড়োজাহাজে ভারতে অবতরণ করেন।

কড়া নিরাপত্তার কারণে বিমানবন্দরে অপেক্ষায় থাকা শত শত সমর্থকের চোখ এড়িয়ে দ্রুত হোটেলে নিয়ে যাওয়া হয়। মেসিকে বিমানবন্দরের পেছনের একটি গেট দিয়ে সরিয়ে আনা হয়।

কালো স্যুটের ভেতরে সাদা টি-শার্ট পরা মেসিকে অল্প সময়ের জন্য কিছু বিমানবন্দরকর্মী দেখতে পেরেছেন। এরপর তিনি সরাসরি গাড়িতে করে হায়াত রিজেন্সি হোটেলে পৌঁছান।

হোটেলের ৭৩০ নম্বর কক্ষে উঠেছেন মেসি। পুরো সপ্তম তলা তার নিরাপত্তার জন্য সিল করে দেওয়া হয়েছে। হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রেসিডেনসিয়াল স্যুটের জন্য ১৩ ডিসেম্বর বুকিং পাওয়া যায়নি।

তবে ১৪ ডিসেম্বর একটি প্রেসিডেনসিয়াল স্যুটের এক রাতের ভাড়া প্রায় ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপি। ডিপ্লোম্যাটিক স্যুটের ভাড়া প্রায় ১ লাখ ১২ হাজার ৫০০ রুপি, রিজেন্সি এক্সিকিউটিভ স্যুটের ভাড়া প্রায় ৫১ হাজার রুপি এবং রিজেন্সি স্যুট কিং-এর ভাড়া প্রায় ৩৮ হাজার রুপি।

ধারণা করা হচ্ছে, মেসি হোটেলের বিলাসবহুল স্যুটগুলোর একটিতে অবস্থান করছেন।

কড়া নিরাপত্তার মধ্যেও মেসির কাছাকাছি থাকার আশায় অনেক সমর্থক হোটেলেই কক্ষ বুক করেছেন। কলকাতার পর তার গন্তব্য হায়দরাবাদ, তারপর মুম্বাই এবং শেষ হবে দিল্লিতে।