ভারতের মাটিতে চলমান G.O.A.T Tour–এর শেষ ধাপে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেই যাত্রা পিছিয়ে যায়। কুয়াশার কারণে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে দিল্লিতে অবতরণের অনুমতি না মেলায় মেসির চার্টার্ড ফ্লাইট স্থগিত রাখা হয়।
তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর (দুই ঘণ্টা) মেসি দিল্লির উদ্দেশে রওনা হন। দিল্লিতে তার সফরের শেষ কর্মসূচির মধ্যে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে ভক্তদের সামনে হাজির হয়ে দারুণ উচ্ছ্বাস তৈরি করেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে তিনি ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বলিউড তারকা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি তোলেন এবং সময় কাটান। মুম্বাইয়ের আগে তিনি কলকাতা ও হায়দরাবাদেও একই ধরনের অনুষ্ঠানে অংশ নেন।
তবে কলকাতা পর্বটি কিছুটা বিতর্কে জড়ায়। স্টেডিয়ামে মেসিকে একঝলক দেখার আশায় আসা দর্শকের অনেকেই হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা; ভাঙচুর হয় আসন, এমনকি মাঠে নেমে পড়েন কিছু দর্শকও।

