বাহরাইনের একটি কাবাডি টুর্নামেন্টে পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড় উবাইদুল্লাহ রাজপুত ভারতের জার্সি পরে খেলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি মাঠে ভারতের পতাকাও উঁচিয়ে ধরেন।
পাকিস্তান কাবাডি ফেডারেশন (পিকেএফ) জানিয়েছে, উবাইদুল্লাহসহ ওই টুর্নামেন্টে খেলানো ১৬ পাকিস্তানি খেলোয়াড় কোনো অনুমতি ছাড়াই খেলেছেন।
পিকেএফ সেক্রেটারি রানা সারওয়ার বলেন, ‘নিজেরা নিজেদের দল বানিয়ে পাকিস্তানের নাম ব্যবহার করেছে, ফেডারেশন বা দেশ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। একজন জাতীয় দলের খেলোয়াড় অন্য দেশের হয়ে খেলেছে, যা অগ্রহণযোগ্য। বিষয়টি তদন্ত করা হবে এবং শক্ত পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে উবাইদুল্লাহ ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমি জানতাম না দলের নাম ভারত হবে। মাঠে প্রবেশের সময় বন্ধুরা জানায় যে আমি ভারতের হয়ে খেলছি। আমি তখন ধারাভাষ্যকারকে অনুরোধ করি, যেন বলা হয় এটি ভারত-পাকিস্তান ম্যাচ নয়, একটি স্থানীয় কাপ।’
তিনি আরও জানিয়েছেন, ‘মাঠে ভারত-পাকিস্তান স্লোগান উঠলেও আমি তা আশা করিনি। এটি বিশ্বকাপ নয়। বিশ্বকাপ হলে অবশ্যই পাকিস্তানের হয়ে খেলতাম, কারণ আমি একজন পাকিস্তানি।’
এদিকে এ বিষয়ে পিকেএফ আগামী ২৭ ডিসেম্বর এই ঘটনায় জরুরি সভা ডেকেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন