অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে নতুন এক নোভাক জোকোভিচকে দেখছে টেনিস বিশ্ব। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এখন আর নিজেকে ‘রেকর্ডের চাপে’ পিষ্ট করতে রাজি নন।
২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সাথে যৌথভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে আছেন। এবার মেলবোর্নে জিতলেই তিনি হয়ে যাবেন ইতিহাসের এককভাবে সেরা।
তবে জোকোভিচ বলছেন, এটি তার জন্য ‘এখনই নয়তো কখনোই নয়’ এমন কোনো পরিস্থিতি নয়।
জোকোভিচ বলেন, আমি কী পেতে পারি তার চেয়ে আমি কী অর্জন করেছি, সেটাতো বেশি গুরুত্ব দিচ্ছি। আশা করি ২৫তম শিরোপা আসবে, তবে ২৪ সংখ্যাটাও খুব একটা খারাপ নয়।
নিজের ওপর থেকে বাড়তি মানসিক চাপ কমিয়ে ফেলার লক্ষ্যেই তিনি এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত। মেলবোর্ন পার্কে সোমবার স্পেনের পেড্রো মার্টিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি তার মিশন শুরু করবেন।
গত বছর চোটের কারণে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল জোকোভিচকে। বর্তমানে টেনিস দুনিয়ায় দাপট দেখাচ্ছেন দুই তরুণ তুর্কি—কার্লোস আলকারাজ (২২) ও ইয়ানিক সিনার (২৪)। গত আটটি গ্র্যান্ড স্ল্যামের সবকটিই ভাগ করে নিয়েছেন তারা দুজন।
এই চ্যালেঞ্জ সত্ত্বেও জোকোভিচ আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, শারীরিক সুস্থতা বজায় থাকলে তিনি এখনো যেকোনো খেলোয়াড়কে হারানোর ক্ষমতা রাখেন। এই আত্মবিশ্বাসই তাকে এই বয়সেও কোর্টে নামার অনুপ্রেরণা দিচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন