মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় আরও একবার নিজের আধিপত্যের প্রমাণ দিলেন টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালিয়ান কোয়ালিফায়ার ফ্রানচেস্কো মায়েস্ট্রেলির বিপক্ষে সরাসরি সেটে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি।
এই জয়ের ফলে টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম এককে ৪০০তম জয়ের এক অনন্য মাইলফলকের একদম কাছে পৌঁছে গেলেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা।
পুরো ম্যাচ জুড়ে জোকোভিচের দাপট ছিল স্পষ্ট। তিনি মায়েস্ট্রেলিকে ৬-৩, ৬-২, ৬-২ সেটে পরাজিত করেন।
গ্র্যান্ড স্ল্যাম এককে এটি জোকোভিচের ৩৯৯তম জয়। পরবর্তী রাউন্ডে জিতলে তিনিই হবেন বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড়, যিনি গ্র্যান্ড স্ল্যামে ৪০০ জয়ের মাইলফলক স্পর্শ করবেন। মেলবোর্ন পার্কে এটি তার ১০১তম জয়, যা এই ভেন্যুতে রজার ফেদেরারের (১০২ জয়) রেকর্ডের খুব কাছাকাছি।
মেলবোর্নে এটি জোকোভিচের ১১তম শিরোপার লড়াই। যদি তিনি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেন, তবে এটি হবে তার ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম। এর মাধ্যমে তিনি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড় হিসেবে এককভাবে নিজের অবস্থান পাকাপোক্ত করবেন।
ম্যাচ শেষে জোকোভিচ তার আত্মবিশ্বাসের কথা জানিয়ে বলেন, মৌসুম শুরুর আগে আমি প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিয়েছি। বড় লক্ষ্য অর্জনে আমি আমার খেলায় কিছু সূক্ষ্ম পরিবর্তন এনেছি, যা আমাকে এই বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলতে সাহায্য করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন