ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফের বাড়বে শীত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৫:১৬ পিএম
শীত নিয়ে নতুন বার্তা। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরে সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে আবারও তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩০ জানুয়ারি) ১২০ ঘণ্টার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশজুড়ে তাপমাত্রা কখনো কমবে, কখনো অপরিবর্তিত থাকতে পারে, আবার কখনো বাড়ার সম্ভাবনা রয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি) সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (২ ফেব্রুয়ারি) সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।