বিদায়ের আগে আরেক দফায় শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) পাঁচ দিনের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পরে। এই সময় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে শীতের এই সাময়িক প্রভাব তৈরি করছে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ও দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। শুষ্ক আবহাওয়ার সঙ্গে ভোরে কুয়াশার উপস্থিতি থাকতে পারে। এদিনও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর শুষ্ক আবহাওয়া থাকার কথা বলা হয়েছে। ভোরের দিকে কুয়াশা পড়তে পারে নদী অববাহিকার কিছু এলাকায়। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। এদিন সারাদেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।


