মাঘ মাসের শেষ দিকে রাজধানী ঢাকায় ধীরে ধীরে শীতের প্রভাব কমতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের প্রথম ভাগে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৪ মিনিটে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের অধিকাংশ এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।


