ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ফাল্গুনের শুরুতেই দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েক দিন শুষ্ক আবহাওয়ার পর আগামী সপ্তাহের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। ওই দিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্ব হারিয়েছে। অন্যদিকে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামী দুদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও বান্দরবানে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে।