বসন্তের শুরুতেই দেশের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং বায়ুমণ্ডলীয় অবস্থার পরিবর্তনের কারণে আগামী কয়েক দিনে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হওয়ার আভাস মিলেছে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বৃষ্টিপাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে। ওই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির দেখা মিলতে পারে।
বুধবারও কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে, বিশেষ করে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে। বৃষ্টির প্রভাবে ওই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। উত্তর দিকের শীতল বায়ুর সঙ্গে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদের তাপমাত্রা বাড়লেও রাতের দিকে এখনও হালকা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে।


