দিন ফুরোলেই শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ— বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে মঙ্গলময় করে তোলার প্রত্যাশায় এখন চলছে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন প্রস্তুতি। হাজার বছরের এই বাঙালি ঐতিহ্য ঘিরে এবারো সারা দেশে সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজন করা হয়েছে।
গ্রাম-গঞ্জে বসবে বৈশাখী মেলা, আর শহর-নগরেও থাকছে নানা উৎসবের আয়োজন। এত সব আয়োজনের মধ্যে উৎকণ্ঠা জাগে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টি আনন্দ ভেজাবে কিনা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী ও ফরিদপুর জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর মধ্যে গত শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, পহেলা বৈশাখে সারা দেশে আকাশ থাকবে আংশিক মেঘলা।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, তবে বিক্ষিপ্তভাবে হতে পারে। সারা দেশেই খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেটে বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পহেলা বৈশাখ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

