ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের ৪ বিভাগে বজ্রসহ কালবৈশাখীর শঙ্কা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:০৯ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

দেশের চার বিভাগে রাতে বজ্রসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস।

বুধবার (১৫ এপ্রিল) রাতে আবহাওয়া অফিস জানান, রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৬ টার মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর দিয়ে শক্তিশালী ঝড় ও বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

একই সময়ে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

সম্ভাব্য ঝুঁকির মধ্যে থাকা জেলাগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ। সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা ও নরসিংদী উল্লেখযোগ্য।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলাগুলোতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামি ২৪ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।