লন্ডন থেকে উড্ডয়ন করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকির কারণে সতর্কতা জারি করা হয়। যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ানো সত্ত্বেও বিমানটি নিরাপদে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়। তবে বিমানে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
সোমবার (২২ ডিসেম্বর) দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের আগে কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে অজ্ঞাত পরিচয় থেকে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়।
হুমকির খবর পেয়ে ভারতীয় নিরাপত্তা সংস্থা সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। মঙ্গলবার সকালে বিমান হায়দ্রাবাদে অবতরণ করার পর তা নির্ধারিত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষ প্রটোকল অনুযায়ী যাত্রী, লাগেজ এবং কার্গো তল্লাশি করা হলেও কোনো ক্ষতিকর বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে ভুয়া হুমকি হিসেবে ধরা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী আরেকটি বিমানেও একই ধরনের বোমা হুমকি আসে। ওই বিমানটিও নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে কোনো ঝুঁকিপূর্ণ বস্তু পাওয়া যায়নি।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক বেনামি হুমকি যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দর জোরদার ব্যবস্থা নিয়েছে। আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তদন্তকারী গোয়েন্দা সংস্থাগুলো ভুয়া ই-মেইলের উৎস শনাক্তে কাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন