নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় শহর ইউট্রেখটে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট এক শক্তিশালী বিস্ফোরণে একাধিক বাড়ি ধসে পড়েছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও চারজন আহন হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে (গ্রিনিচ মান সময় ১৪৩০) ইউট্রেখট শহরের জনবহুল এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় বাড়ির মালিকেরা ঘরে ছিলেন না।
ইউট্রেখটের মেয়র শ্যারন ডেইক্সমা সাংবাদিকদের জানান, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তবে, ক্ষয়ক্ষতির মাত্রা অত্যন্ত ভয়াবহ। কয়েকটি ভবন পুরোপুরি ধসে পড়েছে।
মেয়র আরও জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যদের প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে।
শ্যারন ডেইক্সমা বলেন, গ্যাস লিকের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এতে কোনো নাশকতার সন্দেহ নেই।
সূত্র : রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন