ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET) সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নির্ভরযোগ্য ও ত্রুটিমুক্ত সরকারি পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন এনডিএ জোটের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে মোদি বলেন, দেশের তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তরুণদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষায় সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর এই বার্তার কথা গণমাধ্যমকে জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে অনুষ্ঠিত NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সোমবার দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ এবং অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে সরকার জানিয়েছে, অনিয়মের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের দাবি, এ ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুনঃপরীক্ষা আয়োজনের পর ফলাফলও প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন