ক্রিমিয়ার উপদ্বীপে একটি রুশ আন-২৬ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীসহ মোট ২৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটি নির্ধারিত সময়ে উড্ডয়নের সময় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান চালিয়ে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়ান উপদ্বীপ রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়। উদ্ধারকারী দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে এই দ্বীপটিকে দুর্ঘটনাস্থল হিসেবে নিশ্চিত করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি একটি খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে এবং এতে বিমানে থাকা কেউ বেঁচে নেই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় বাহ্যিক কোনো হস্তক্ষেপের প্রমাণ মেলেনি।
কর্তৃপক্ষ আরও জানায়, বিমানটির গায়ে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এতে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির সঙ্গে সংঘর্ষ- কোনোটিই এই দুর্ঘটনার কারণ নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন