ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হচ্ছে ২ মে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:১৫ এএম
প্রতীকী ছবি

মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা-ফি পরিশোধ না করা ও নিবন্ধনবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অভিযানের বড় প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের ওপর।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২ মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসীদের তথ্য সংগ্রহে বিশেষ অভিযান শুরু হয়, যার অংশ হিসেবে ‘অপারেশন কুরাঙ্গি’ চালু করা হয়।

সম্প্রতি রাষ্ট্রপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলী ইহুসান বলেন, অভিযান শুরুর আগে মাত্র ২৮ দশমিক ৯৭ শতাংশ অভিবাসী বৈধভাবে কর্মরত ছিলেন। বাকিদের সঠিক কোনো তথ্য সরকারি নথিতে ছিল না।

তবে গত দুই বছরে এই অভিযানের আওতায় নিয়মিত তৎপরতার ফলে বৈধতার হার বেড়ে ৬২ শতাংশে পৌঁছেছে বলে জানান তিনি। এখনো ২ হাজার ৯৩৩ জন অভিবাসী তাঁদের তথ্য জমা দেননি। আগামী এক বছরের মধ্যে তাঁদেরও নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, তৃতীয় ধাপে ভিসা-ফি বকেয়া রাখা এবং তথ্য না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। আগের যেকোনো সময়ের তুলনায় এবার অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।

তিনি সতর্ক করে বলেন, অভিযানে কোনো ধরনের স্থানীয় প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। একবার আটক হলে সহজে মুক্তি পাওয়ার সুযোগও থাকবে না। তাই সবাইকে মালদ্বীপের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।