ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাশিয়ার পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৩৭ এএম
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: রয়টার্স

আব্বাস আরাঘচি পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, সফরকালে তিনি রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে ইরান-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

চলতি সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে দুবার পাকিস্তান সফর করেন আরাঘচি। শুক্রবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছে তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব তেহরানের পক্ষ থেকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তানের মাধ্যমে ইরানের অবস্থান জানানো হচ্ছে।

এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিলেও পরবর্তীতে সফরটি বাতিল করেন। আলোচনার সম্ভাবনা না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পাকিস্তান সফরকালে আরাঘচি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে তেহরানের অবস্থান ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এর আগে তিনি ওমানে সংক্ষিপ্ত সফরে মাসকাট-এ সুলতান হাইথাম বিন তারিক এবং পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় আরাঘচি আবারও পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। পরে পাকিস্তান বিমান বাহিনীর নূর খান ঘাঁটি থেকে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন, যেখানে রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।