ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই দেশটির খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর জরুরি সেবা ও উদ্ধারকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তানের গভর্নর সাইয়্যেদ মোহাম্মদ রেজা মওলাইজাদেহ জানিয়েছেন, উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়নে সরকারি সংস্থাগুলো কাজ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলে আরও কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন কয়েকটি সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস ইরানে হামলার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে হরমুজ প্রণালির আশপাশে চলমান সামরিক তৎপরতার চেয়েও বিস্তৃত অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

