ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নির্মাণাধীন ইরানের পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল আমেরিকা 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি : সংগৃহীত

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার আওতাধীন একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার ওপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

এই বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর তেহরানও এর জবাবে আঞ্চলিক বিভিন্ন দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে এই সংঘাতের ঘটনা ঘটছে।