যশোর সীমান্তে পৃথক অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও এক হাজার ২৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে চারজনকে আটক করা হয়েছে। রোববার রাতে বিজিবির যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকাও জব্দ করা হয়। আটক রবিউল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের বাসিন্দা। এদিকে, শার্শার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৭৪ বোতল ভারতীয় এস্কাফ ও ২৬৯ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন, শার্শা উপজেলার বাউন্ডারী গ্রামের হোসে মুন্সীর ছেলে আবু বকর (৩৬), একই উপজেলার গোপীনাথপুর গ্রামের সালাউল্লাহর ছেলে মিনাজ (২৩) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে বশির (১৮)। এ ছাড়া মাসিলা ও পাঁচপীরতলা বিওপির পৃথক অভিযানে আরও ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া রৌপ্য, বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপের মোট সিজার মূল্য ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা। আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় এবং রৌপ্যসহ আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত রৌপ্য যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’

