যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনে আকস্মিক গোলাগুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সাংবাদিক, ক্যামেরাপারসন ও কর্মীরা নিরাপত্তার জন্য দ্রুত আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
শনিবার সন্ধ্যায় স্থানীয় সময় এই ঘটনা ঘটে। সে সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হোয়াইট হাউস এলাকায় দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়, যা মুহূর্তেই পুরো এলাকাকে আতঙ্কিত করে তোলে।
এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রথমে পরিস্থিতি বুঝে ওঠার আগেই টানা গুলির শব্দ কানে আসে। পরে নিরাপত্তাকর্মীরা সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেন। তখন সাংবাদিকরা দৌড়ে প্রেস ব্রিফিং কক্ষে আশ্রয় নেন।
আরেক টেলিভিশন সাংবাদিক লাইভ সম্প্রচারের প্রস্তুতি নেওয়ার সময় একই অভিজ্ঞতার মুখোমুখি হন। আকস্মিক গুলির ঘটনায় তিনিও দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
মার্কিন সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে হোয়াইট হাউসের কাছাকাছি এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি ছোড়া শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। পরে সন্দেহভাজন ওই হামলাকারী নিহত হন। এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা গেছে।
ঘটনার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং কোনো ধরনের ক্ষতির শিকার হননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুরুতে অনেকে গুলির শব্দকে আতশবাজি মনে করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারদিকে দৌড়াদৌড়ি শুরু হলে পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।
উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্পকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তা উদ্বেগের ঘটনা সামনে এসেছে। এর আগে নির্বাচনি প্রচার ও বিভিন্ন জনসমাগমে তাকে লক্ষ্য করে হামলার আশঙ্কা ও নিরাপত্তা হুমকির অভিযোগও উঠেছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন