ইংরেজি শব্দ ‘হেল’ শুনলেই অনেকের মনে ভেসে ওঠে নরক বা ভয়ংকর কোনো কিছুর ধারণা। পশ্চিমা বিশ্বের পরিচিত স্ল্যাং ‘গো টু হেল’ (গোল্লায় যাও) থেকেও শব্দটি বেশ পরিচিত। এই শব্দের সঙ্গে মিল রেখেই পোল্যান্ডে রয়েছে একটি জনপ্রিয় পর্যটন শহর— হেল। যদিও শহরটির নামের বানান ভিন্ন, তবুও এর নাম এবং তা ঘিরে নানা প্রতীকী বিতর্ক দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।
সম্প্রতি সেই বিতর্ক আবারও সামনে এসেছে শহরটিকে ঘিরে চালু হওয়া একটি বাস রুটের কারণে। মজার বিষয় হলো, সমুদ্রসৈকতঘেরা এই শহরে যাতায়াতকারী বাসটির নম্বরও ‘৬৬৬’।
বাইবেলে ৬৬৬ সংখ্যাটিকে ‘পশুর সংখ্যা’ বলা হয়েছে। অনেক খ্রিষ্টান এটিকে শয়তানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। ফলে ‘৬৬৬ নম্বর বাসে চড়ে হেলে যাওয়া’ বিষয়টি অনেকের কাছে রসিকতা ও বিতর্ক—দুটোরই জন্ম দিয়েছে।
এর আগে এই নম্বর নিয়ে বিতর্কের জেরে ২০২৩ সালে বাস রুটটির নম্বর পরিবর্তন করে ৬৬৯ করা হয়েছিল। ধর্মীয় গোষ্ঠীগুলোর আপত্তির মুখেই সে সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এবার পরিবহন প্রতিষ্ঠান ফ্লিক্সবাস পর্যটন আকর্ষণ ও বিপণন কৌশলের অংশ হিসেবে আবারও ৬৬৬ নম্বরটি ফিরিয়ে এনেছে। প্রতিষ্ঠানটির মতে, ব্যতিক্রমী এই নম্বর রুটটির প্রতি মানুষের আগ্রহ বাড়াবে এবং নতুন পর্যটক আকর্ষণ করবে।
ফ্লিক্সবাসের এক মুখপাত্র পোলিশ সংবাদমাধ্যম টিভিএন২৪-কে বলেন, এই রুটের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং পোল্যান্ডের উপকূলের জনপ্রিয় পর্যটন গন্তব্যে আরও বেশি পর্যটক নিয়ে আসাই তাদের লক্ষ্য। ৬৬৬ নম্বরটি সেই বিপণন কৌশলেরই অংশ।
বাসটি পোল্যান্ডের অন্যতম বৃহৎ ও প্রাচীন শহর ক্রাকোভ থেকে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত হেল উপদ্বীপ পর্যন্ত চলাচল করবে। প্রায় ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে বাসটি রাজধানী ওয়ারশসহ বিভিন্ন শহরে যাত্রাবিরতি করবে। গ্রীষ্মকালজুড়ে প্রতিদিন একবার করে বাসটি চলবে।
বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত হেল শহরটি একটি সরু উপদ্বীপের ওপর গড়ে উঠেছে। স্বচ্ছ পানি, দীর্ঘ বালুকাবেলা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এটি পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন